পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট রোধ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ায় ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পয়েন্টে এই অভিযান চালানো হয়।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে এই বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে রমজানে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ ঠিক আছে কি না এবং ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করছেন কি না, তা খতিয়ে দেখা হয়।
ইউএনও রিফাত আসমা জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। অসাধু উপায়ে কোনো ব্যবসায়ী পণ্য মজুদ করলে বা অতিরিক্ত দাম আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাজার মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।