কক্সবাজারের টেকনাফে বিজিবির একটি বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে একটি মোটরসাইকেল তল্লাশির সময় তাদের আটক করা হয়। তবে, এই ঘটনার সাথে জড়িত আরও দুজন পালিয়ে গেছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, দুপুর ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় ইসলামাবাদ থেকে টেকনাফ শহরগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এসে হঠাৎ করে দিক পরিবর্তনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা সেটিকে আটক করে।
মোটরসাইকেলের দুই আরোহীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের শরীর তল্লাশি করা হয়। এতে একজনের পাঞ্জাবির পকেট থেকে এবং অন্যজনের পরনের লুঙ্গিতে লুকানো অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে আরও ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৩১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রিচ’-এর বদলে ‘ভিউয়ারস’ মেট্রিক চালুর নোটিশ
আটককৃতরা হলেন: টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের বাসিন্দা মো. শাহামিয়া (৩০) এবং মোহাম্মদ হোসেন (৩২)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, এ ঘটনার সাথে জড়িত আরও দুই ব্যক্তি, যার একজন জোবায়ের (৩০) এবং অন্যজন অজ্ঞাত, পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের ধরতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক জানান, এই সফল অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থানেরই প্রতিফলন।



মন্তব্য করুন