শহিদুল ইসলাম।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার শাকেরের ঘের এ অভিযান চালানো হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭–এর পশ্চিম পাশে শাকেরের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আটটার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। এ সময় বিজিবির সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে পাশের খাল সাঁতরে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
####




মন্তব্য করুন