ওয়াশিংটন, ২৮ নভেম্বর-প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের ২৪তম বই এবং নতুন আত্মজীবনী ‘সিক্রেটস: অ্যা রিপোর্টার্স মেমোয়ার’-এর মূল বিষয় হলো ভয়। শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদের ভয়, আগুন ও পারমাণবিক অস্ত্র নিয়ে আজীবন ভয়, সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ খবর মিস করার আশঙ্কা এবং ডোনাল্ড ট্রাম্পের মতো বিপজ্জনক প্রেসিডেন্টের কারণে যুক্তরাষ্ট্র ও বিশ্ব শাসনব্যবস্থা ভেঙে পড়ার ভয়—এসব বিষয় নিয়ে বইটিতে খোলামেলা আলোচনা করেছেন তিনি। বর্তমানে মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েও আগামী দুই বছর বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পকে নিয়ে এরই মধ্যে চারটি বই লিখেছেন উডওয়ার্ড। এর মধ্যে প্রথম বইটির নামই ছিল ‘ফিয়ার’ বা ভয়। ট্রাম্প তাকে বর্তমানে কতটা ভীত করেন, এমন প্রশ্নের জবাবে উডওয়ার্ড স্পষ্টভাবে বলেন, ট্রাম্প শুধু আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের জন্যই চরম বিপদ। দীর্ঘদিন সাংবাদিকতা করার অভিজ্ঞতা থেকে তিনি ট্রাম্পের কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো, ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা। উডওয়ার্ড মনে করিয়ে দেন, ইরানে ভালো শাসনব্যবস্থা নেই ঠিকই, তবে আমেরিকার সফল ঐতিহ্য হলো আক্রান্ত হওয়ার পর যুদ্ধে জড়ানো, নিজেরা আগে থেকে যুদ্ধ শুরু করা নয়।
হোয়াইট হাউসে রিচার্ড নিক্সনের পতনের পেছনে ছিল ওয়াটারগেট কেলেঙ্কারির খবর। বব উডওয়ার্ড ও কার্ল বার্নস্টাইন দ্য ওয়াশিংটন পোস্টে প্রথম এই খবর প্রকাশ্যে আনেন। সে সময় নিক্সনের বিরুদ্ধে নিজের দল রিপাবলিকান পার্টির নেতারাও অবস্থান নিয়েছিলেন। অ্যারিজোনার সিনেটর ব্যারি গোল্ডওয়াটার নিক্সনকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন, সিনেটে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার মতো পর্যাপ্ত ভোট নেই। এর পরই পদত্যাগ করতে বাধ্য হন নিক্সন।
ইরানে নতুন মার্কিন হামলা হলে পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী
উডওয়ার্ড আক্ষেপ করে প্রশ্ন তুলেছেন, আজ ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে তাকে এভাবে থামানোর মতো কেউ কি রিপাবলিকান পার্টিতে আছেন? তার মতে, এমনটি ঘটার কোনো সম্ভাবনা নেই। কারণ, রিপাবলিকান পার্টি এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। ট্রাম্পকে মোকাবিলা করা কিংবা দেশকে রক্ষা করার পরিবর্তে দলটি নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। উডওয়ার্ড ট্রাম্পকে দুঃস্বপ্ন হিসেবে উল্লেখ করে বলেন, তিনি নিক্সনের চেয়েও অনেক বেশি ভয়ানক। কোনো ধরনের প্ররোচনা ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা এবং তা চালিয়ে যাওয়া আমেরিকান প্রেসিডেন্টদের ইতিহাস ও প্রচলিত ধারার সম্পূর্ণ বিপরীত। এ কারণে ট্রাম্প ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্টে পরিণত হয়েছেন।
উডওয়ার্ডের আত্মজীবনীতে তার সাংবাদিকতা জীবনের বিভিন্ন ভুল ও সাফল্যের কথাও উঠে এসেছে। জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে—এমন ভিত্তিহীন দাবির সত্যতা গভীরভাবে যাচাই না করাকে নিজের অন্যতম বড় ভুল হিসেবে স্বীকার করেছেন তিনি। ওই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছিলেন। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক জেনারেল কোলিন পাওয়েল ভুল তথ্য প্রচারের অংশ হলেও উডওয়ার্ডের বিশ্বাস, পাওয়েল অন্তত সঠিক কাজ করার চেষ্টা করেছিলেন।
উডওয়ার্ড এমন একজন প্রেসিডেন্ট চান, যিনি সহজে যুদ্ধে জড়াতে চাইবেন না এবং সামরিক শক্তিকে শেষ উপায় হিসেবে সংরক্ষণ করবেন। তার মতে, বর্তমানে ট্রাম্পের পাশে এমন কেউ নেই, যিনি তাকে ভালো পরামর্শ দিতে পারেন কিংবা শাসনব্যবস্থায় কিছুটা বিচক্ষণতা নিয়ে আসতে পারেন। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি প্রকাশ্যে উডওয়ার্ডকে বলেছিলেন, ট্রাম্প দেশের জন্য হুমকি এবং তিনি আদ্যোপান্ত ফ্যাসিবাদের অনুসারী। পরে জো বাইডেন মিলিকে ক্ষমা করলেও ট্রাম্প ক্ষমতায় ফিরে তাকে উপদেস্টার পদ থেকে বরখাস্ত করেন।
‘সিক্রেটস’ বইটিতে উডওয়ার্ডের ব্যক্তিগত জীবনের বেদনাদায়ক অধ্যায়গুলোও উঠে এসেছে। শৈশবে তার মা বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। একদিন তিনি উডওয়ার্ডের বাবার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে চলে যান। এই ঘটনা তার মধ্যে দুটি বড় অনুভূতি তৈরি করেছিল—একাকীত্ব এবং নিজের পায়ে দাঁড়ানোর তীব্র স্বাধীন মানসিকতা। ব্যক্তিগত জীবনের এই অভিজ্ঞতা তার সাংবাদিকতা জীবন থেকেও আলাদা ছিল না।
বাবার ড্রয়ার ঘেঁটে মা-বাবার বিচ্ছেদের চিঠি খোঁজা কিংবা বিচারক বাবার আদালতে ঘুরে বেড়ানোর স্মৃতি এখনো তাকে তাড়িয়ে বেড়ায়। পরবর্তী সময়ে ওয়াটারগেট কেলেঙ্কারির খবরের মূল সূত্র এফবিআইয়ের তৎকালীন উপপরিচালক মার্ক ফেল্ট, যিনি ‘ডিপ থ্রোট’ নামে পরিচিত ছিলেন, এবং ওয়াশিংটন পোস্টের কিংবদন্তি সম্পাদক বেন ব্র্যাডলি উডওয়ার্ডের জীবনে অভিভাবক ও ভাইয়ের জায়গা করে নেন। ব্র্যাডলির প্রধান লক্ষ্য ছিল যেকোনো মূল্যে প্রকৃত সত্য ও আসল খবর বের করে আনা।
সাংবাদিকদের জন্য উডওয়ার্ডের সহজ পরামর্শ হলো, ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং সব তথ্য শতভাগ যাচাই করতে হবে। খবরের উৎস বা সোর্সদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি সব সময় কঠোর অবস্থান বজায় রাখতেন। এর উদাহরণ হিসেবে জর্জ এইচ ডব্লিউ বুশের সময়কার বাজেট কর্মকর্তা রিচার্ড ডারম্যানের সঙ্গে তার বন্ধুত্ব নষ্ট হওয়ার ঘটনা উল্লেখ করা যায়। উডওয়ার্ড ডারম্যানের সাক্ষাৎকার থেকে পাওয়া বুশ প্রশাসনের অর্থনৈতিক নীতির কঠোর সমালোচনা পত্রিকায় প্রকাশ করেছিলেন। এতে নির্বাচনে বুশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং ডারম্যানের সঙ্গে তার সম্পর্কও নষ্ট হয়ে যায়।
অনেকে উডওয়ার্ডের সাক্ষাৎকার নেওয়ার ধরনকে শিশুর মতো সাহায্য চাওয়ার ভঙ্গি হিসেবে ব্যাখ্যা করেন। তবে উডওয়ার্ড স্বীকার করেছেন, শৈশবের একাকীত্ব ও স্বাধীন মানসিকতাই খবর বের করে আনার ক্ষেত্রে তাকে বিশেষ শক্তি দিয়েছে।
আত্মজীবনী প্রকাশের পর ট্রাম্প ও ইরানের মধ্যকার সম্ভাব্য আন্তর্জাতিক চক্রান্ত এবং প্রেসিডেন্ট পদে থেকে ট্রাম্পের কোটি কোটি ডলার ব্যক্তিগতভাবে আয় করার অভূতপূর্ব স্বার্থের বিষয়গুলো নিয়ে আরও কাজ করার সংকল্প জানিয়েছেন উডওয়ার্ড। একই সঙ্গে সামনের দিনগুলো নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এস এম/ ২৮ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ট্রাম্পকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিপজ্জনক মনে করেন সাংবাদিক বব উডওয়ার্ড সম্পর্কিত তথ্য কী?
উত্তর: ডোনাল্ড ট্রাম্পওয়াশিংটন, ২৮ নভেম্বর-প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের ২৪তম বই এবং নতুন আত্মজীবনী ‘সিক্রেটস: অ্যা রিপোর্টার্স । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন