উখিয়ার রেজুখাল যৌথ চেকপোস্টে আবারও পেটের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের ঘটনা ধরা পড়েছে।
এবার টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুই নারী ও এক পুরুষসহ যশোর জেলার একই থানার ৩ মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
পরে তাদের পেট থেকে ২ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে এই বিশেষ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—যশোর জেলার শার্শা উপজেলার রাজাপুর গ্রামের মৃত মো. মোস্তাফিজের মেয়ে মোছাঃ রাবেয়া খাতুন (৪৮), বালুন্ডা গ্রামের মো. মিলন হোসেনের স্ত্রী মোছাঃ সাজেদা (৪৬) এবং সাদীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. আজিবার রহমান (৫০)।
টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়াগামী ৯ জন উদ্ধার
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী প্রাইভেটকার রেজুখাল চেকপোস্টে পৌঁছালে বিজিবি’র তল্লাশিদল সেটিকে থামিয়ে নিয়মিত তল্লাশি চালায়।
এ সময় গাড়িতে থাকা যাত্রী রাবেয়া, সাজেদা ও আজিবার রহমানের আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজনেই নিজেদের পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে বিজিবি’র বিশেষ তত্ত্বাবধানে তাদের পায়ুপথ দিয়ে পেটের ভেতর লুকিয়ে রাখা মোট ২ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত বার্মিজ ইয়াবাসহ তাদের সংশ্লিষ্ট উখিয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন