ঢাকা, ১৩ সেপ্টেম্বর – হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসির সহযোগিতা চেয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পাকিস্তানের ইসলামাবাদে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটির সেন্টার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিএইচপি-র নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে আতঙ্ক: সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন এরইমধ্যে হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতা চেয়েছে।
তিনি ওআইসির তত্ত্বাবধানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি সেন্টারের কারিগরি সহায়তায় বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন।
এছাড়া, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি সেন্টারের সহায়তায় উগান্ডায় একটি হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিও তিনি সহমত পোষণ করেন।
মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমাদেরকে ইসলামের পতাকার নিচে, কোরআন ও হাদিসের নির্দেশনামতে ঐক্যবদ্ধ হতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছাড়া আমরা অগ্রসর হতে পারব না।
এসময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলী উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন