ঢাকা, ০৪ ডিসেম্বর – অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি তা চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
খালেদা জিয়া অসুস্থ, এই প্রেক্ষাপটে তফসিল পেছানোর আবেদন করেছেন কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না। আশা করছি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন খালেদা জিয়া।
অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল। বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ বৈঠক হয়।
তফসিল পেছানো প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, বেগম জিয়া অসুস্থ। তার জন্য দোয়া করছি। আল্লাহর মেহেরবানিতে তার চিকিৎসা চলছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এটা বিবেচনায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচন বিলম্ব চায় না। তিনি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। আমরা দ্রুত নির্বাচন চাই। যথাসময়ে নির্বাচন হোক এটা আমাদের চাওয়া।
খালেদা জিয়ার অসুস্থতার কারণে তফসিল পেছানোর দাবি জানানো হবে কি? এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া চিকিৎসাধীন। দেশে দলমত নির্বিশেষে প্রত্যেকে তাকে শ্রদ্ধা করেন এবং তার রোগ মুক্তি কামনা করেন সবাই। দেশবাসী সবাই দোয়া করছেন তার জন্য। আমরা তার সুচিকিৎসার জন্য চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহর মেহেরবানিতে সম্ভবত আগামীকাল ভোরে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে যাবেন।
তার মানে আপনারা নির্ধারিত সময়ে তফসিল চাচ্ছেন? এই প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, আমরা তো বরাবর যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছি। আজ থেকে না এখন থেকে ১৪-১৫ বছর আগে থেকেই নির্বাচনের জন্য আন্দোলন করছি। আমরা নির্বাচন করছি কারণ জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। জনগণের ভোটের অধিকার তাদের দিতে চাই। সে অধিকার নির্ধারণ হতে পারে নির্বাচনে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে তাদের এই অধিকার বিলম্বিত হোক এটা আমরা চাই না। আমরা এখনো বলছি যে যথাসময়ে নির্বাচন হোক যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী। তফসিল ঘোষণা বিলম্বিত করার কথা যদি বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। ভোট বিলম্বিত হোক এটা আমরা চাই না।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন