ঢাকা, ১৭ ডিসেম্বর – ছাত্র-জনতার অভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও মামলায় হাজির না হওয়ায় পলাতক বিবেচনায় জয়ের পক্ষে আইনজীবী নিয়োগের এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত এ মাসেই আসতে পারে: বাণিজ্যমন্ত্রী
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আর এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ।
গত ৪ ডিসেম্বর মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।




মন্তব্য করুন