মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণ এবং তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি হামজাহ জায়নুদিন। ২০ ডিসেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে এক বৈঠকে এ প্রস্তাবের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জায়নুদিন।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, বৈঠকে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দুই মন্ত্রীর বৈঠকে সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় প্রেরণের বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে সকল সেক্টরে কর্মী প্রেরণের ক্ষেত্রে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর করায় বাংলাদেশের মন্ত্রীকে অভিনন্দন জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একজন বিদেশি কর্মীকেও যেন অনিয়মিতভাবে মালয়েশিয়ায় অবস্থান করতে না হয় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে দেশটি।
তিনি বলেন, শ্রম অভিবাসনের ক্ষেত্রে কর্মীর কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে এবং এ ক্ষেত্রে একটি কর্মীও যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে তার মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা প্রদানে প্রস্তুত আছে।
বৈঠক শেষে ইমরান আহমদ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সহসাই বাংলাদেশ সফরে আগ্রহী।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
পুত্রজায়ায় অনুষ্ঠিত বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন