ঢাকা, ১৩ অক্টোবর – দেশে চলতি অক্টোবরের প্রথম ১২ দিনে ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স।
সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
শুধু ১২ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১৯৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স— যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একদিনের প্রবাহ বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরু থেকে রেমিট্যান্স প্রবাহও বেশ শক্তিশালী রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময়কালে দেশে এসেছে মোট ৮৭৮৭ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৭৫৩৬ মিলিয়ন ডলার থেকে প্রায় ১৬ দশমিক ৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি বা অনানুষ্ঠানিক চ্যানেলের দমন, প্রবাসীদের প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেল সহজ করা— এই তিনটি কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক গতি দেখা যাচ্ছে।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৩ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন