ঢাকা, ১৮ ডিসেম্বর – দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরতের দায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কোনো ব্যাংক অধিগ্রহণের পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
তিনি বলেন, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০ শতাংশের বেশি হয়ে দাঁড়িয়েছে। তবে এ অবস্থায় কোনো ব্যাংককে অধিগ্রহণ করা হবে না।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দায়িত্ব। প্রয়োজনে আইনি পদক্ষেপ নিয়ে টাকা আদায় নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে রেমিট্যান্সপ্রবাহ নিয়ে কথা বলতে গিয়ে আরিফ হোসেন খান জানান, ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩৮ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, যা চলতি অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে অক্টোবরে এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া আগস্টে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ১৮ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন