কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্যসহ ৯ জনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পর্যটকদের হয়রানিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বর্তমানে কক্সবাজারে পর্যটন মৌসুম শুরু হয়েছে। সেই সঙ্গে দুর্গাপূজার ছুটি উপলক্ষে হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন এই জনপ্রিয় সমুদ্রগন্তব্যে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারি ও নিয়মিত অভিযান চালাচ্ছে ট্যুরিস্ট পুলিশ।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
অতিরিক্ত ডিআইজি আরও বলেন, “Committed to Protect, Proud to Serve—এই মূলমন্ত্রকে ধারণ করে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলতি পর্যটন মৌসুমেও এর ব্যতিক্রম নয়। সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




মন্তব্য করুন