চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের একটি এলাকায় মাত্র দেড়মাস আগে ৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে নির্মিত পানি নিস্কাশনে ড্রেন বৃষ্টির পানির ধাক্কায় ভেঙে তছনছ হয়ে গেছে। স্থানীয় এলাকাবাসী অভিযোগ তুলেছেন, বরাদ্দের সিংহভাগ টাকা লুটে নিয়ে অল্প টাকায় নিন্মমানের কাজ করার কারণে সামান্য বৃষ্টির পানির ধাক্কায় ড্রেনটি ভেঙে পড়েছে।
সুত্রে জানা গেছে, খুটাখালী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দের ৫ লাখ টাকায় ২০২৪-২০২৫ অর্থবছরে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া হাসপাতাল সড়কে মিনহাজ উদ্দিনের বাড়ি থেকে পশ্চিমমুখী রাস্তার পাশে পানি নিস্কাশনে ড্রেনটি নির্মাণ করা হয় মাত্র দেড়মাস আগে।
এলাকাবাসী জানান, কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজের নাম সাইনবোর্ডে থাকলেও ড্রেন নির্মাণ কাজটি করেছেন ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দিন। তিনি নাকি ওই কাজের প্রকল্প সভাপতি।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ তুলেছেন, পানি নিস্কাশনের ড্রেনটি নির্মাণে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে এখানে কাজ করেছে দুই লাখ টাকার একটু বেশি। মুলত বরাদ্দের সিংহভাগ টাকা আগে ভাগবাটোয়ারা হয়েছে। সেকারণে অল্প টাকায় নিন্মমানের কাজ করার কারণে সামান্য বৃষ্টির পানির ধাক্কায় ভেঙে তছনছ হয়ে গেছে সদ্য নির্মিত ড্রেনটি।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
এলাকাবাসীর অভিযোগ সুত্রে সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, পানি নিস্কাশনের জন্য সদ্য নির্মিত ড্রেনটির ঠিক মাঝপয়েন্টে ভেঙে পড়েছে। নীচের ইটের গাঁথুনি মজবুত এবং তুলনামূলক গভীর থেকে গাঁথুনি শুরু না করায় বৃষ্টির পানির ধাক্কায় ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে।
অনুসন্ধানে জানা গেছে, পানি নিস্কাশনের ড্রেন নির্মাণ কাজটি নিন্মমানের হলেও টাকা বরাদ্দ দেওয়া দায়িত্বশীল প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা ছিলেন একেবারে নীরব ভুমিকায়। এ সুযোগে চলতিবছরের জুন মাসের ৩০ তারিখ ড্রেন নির্মাণ কাজটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে দেখিয়ে বরাদ্দের ওই ৫ লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন প্রকল্পের সভাপতি স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার নাছির উদ্দিন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্পের সভাপতি ও খুটাখালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, পানি নিস্কাশনের ড্রেন নির্মাণ কাজে কোনধরনের অনিয়ম হয়নি এবং নিন্মমানের কাজ করার অভিযোগও সঠিক না। মুলত ভারী বৃষ্টিপাতে পানির প্রবল ধাক্কায় ভেঙে গেছে ড্রেনের কিছু অংশ। তিনি অবশ্য স্থানীয় কতিপয় ব্যক্তি কতৃক ড্রেনের পানি নিস্কাশনের গতিপথ আটকে দেয়ার কারণে এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন।
এব্যাপারে খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বলেন, বৃষ্টির পানির ধাক্কায় ড্রেনটি ভেঙে গেছে। প্রকৃতির তাণ্ডবে তো কারো হাতে নেই। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে ইতোমধ্যে বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ড্রেনের ক্ষতিগ্রস্ত অংশে আবারও কাজ করে দেবেন সংশ্লিষ্ট ঠিকাদার।
চকরিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার ভুমি রুপায়ন দেব বলেন, খুটাখালী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দের টাকায় সদ্য নির্মিত পানি নিস্কাশনের ড্রেন ভেঙে পড়ার বিষয়টি উপজেলা প্রশাসনে জানানো হয়নি। তবে বিষয়টি যেহেতু এখন আপনার কাছে অবগত হলাম, তাই কীভাবে এবং কীকারণে ড্রেনটি ভেঙে গেছে তা তদন্ত করে দেখা হবে। ##




মন্তব্য করুন