ঢাকা, ১৫ নভেম্বর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংলাপের তৃতীয় দিনে আগামী সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার
আজ শনিবার (১৫ নভেম্বর) ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক এ তথ্য জানান।
সহকারী পরিচালকের তথ্য মতে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের সঙ্গে সংলাপে বসবে ইসি।
ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মতবিনিম করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে।
এর আগে, বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করে ইসি।
ইসির কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আলোচ্যসূচিতে থাকছে— নির্বাচনের তফশিল ঘোষণার পূর্বে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয়, তফশিল ঘোষণার পর আচরণ বিধি প্রতিপালন, আচরণবিধি অনুসারে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের অঙ্গীকারনামা সম্পাদন, প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন, তফশিল ঘোষণার পর নির্বাচনী এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা, মিসইনফর্মেশন ও ডিসইনফর্মেশন প্রতিরোধ, নির্বাচনে এআই’র অপব্যবহার নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা, লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে কোন বৈষম্য না করা এবং ধর্মীয় উপসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ১৫ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন