কক্সবাজারের টেকনাফ হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের চাঞ্চল্যকর আনোয়ার সাদেক প্রকাশ গুডিশ্যা (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি নুরুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (১৭ জুলাই) রাতে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল রাস্তার মাথা সংলগ্ন রফিকের অটোরিকশা গ্যারেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলাম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা হালাইয়ার ছেলে (এমআরসি নং-৩৭২৯৬)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দুপুরে টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ‘সি’ ব্লক এলাকায় আনোয়ার সাদেক প্রকাশ গুডিশ্যাকে নির্মমভাবে হত্যা করে নুরুল ইসলাম ও তার সহযোগীরা। এই নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
এই ঘটনায় নিহতের বোন আয়েশা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব-১৫।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানার খুরুশকুল প্রবেশদ্বার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন