কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে টানা শ্বাসরুদ্ধ অভিযানের ৩ দিন পর বন বিভাগের পাহারা দলের অপহৃত তিন সদস্যকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় স্থানীয় জনতা, পুলিশ ও বনবিভাগের লোকজন তাদের উদ্ধার করে।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফে অপহৃত তিন বন প্রহরীকে কিছুক্ষণ আগে তাদেরকে উদ্ধার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ৩ জন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেয়ার সময় নিখোঁজ হয়েছিলেন। শনিবার সকালে ফোনে পরিবারের সদস্যদের কাছে এই ৩ জন জিম্মি রয়েছে দাবি করে মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার
টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী জানিয়েছেন, তিন ব্যক্তিকে নেচার পার্ক থেকে অপহরণ করা হয়েছে। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। পুলিশসহ স্থানীয় জনতা তাদের উদ্ধারের জন্য টানা তিনদিন পাহাড়ে অভিযান চালিয়ে আসছে। সোমবার দুপুরে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া ৩ বন প্রহরী হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০) একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানিয়েছেন, ৩ বন প্রহরীকে উদ্ধার করা হয়েছে। এখনও পাহাড়ে পুলিশ অভিযানে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।




মন্তব্য করুন