কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪০ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদসহ মোহাম্মদ ইসহাক (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় মাদক উদ্ধারে বিজিবি’র বিশেষ ডগ স্কোয়াড ‘রকি’ (নারকোটিক্স) ব্যবহার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যং চেকপোস্টে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক মোহাম্মদ ইসহাক টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার শুক্কুরের বাড়ি বাজারপাড়া গ্রামের মো. আব্দুস শুক্কুর ও শামীম আরা বেগম দম্পতির ছেলে।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, শনিবার সকালে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে দায়িত্বরত বিজিবি সদস্যরা থামিয়ে তল্লাশি শুরু করেন।
এ সময় বিজিবি’র ডগ স্কোয়াড ‘রকি’র সহায়তায় বাসের ভেতরের লাগেজে ও বিভিন্ন বাক্সে নিবিড় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ডগ স্কোয়াডের চিহ্নের ভিত্তিতে বাসের বক্স থেকে ২৪০ ক্যান বিয়ার এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে ভুয়া তথ্য! পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের
পরে বাসের যাত্রী মোহাম্মদ ইসহাককে মাদক বহনের দায়ে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে যে, সে এই মাদকদ্রব্যগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে টেকনাফ এলাকায় অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদকের পাশাপাশি সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক পাচার ও অবৈধ ব্যবসার সাথে জড়িত অন্যান্য চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪০ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদসহ পাচারকারী আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪০ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদসহ মোহাম্মদ ইসহাক (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন