টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকায় প্রতিপক্ষের গুলিতে নজির আহমদ (৩৭) নামে এক লবণচাষী নিহত হয়েছেন। নিহতের ভাই নুর মোহাম্মদ এই অভিযোগ করেন। নিহত নজির আহমদ টেকনাফ হ্নীলা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আলীখালি এলাকার মৃত অলি হোসেনের ছেলে।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
বুধবার রাত ১১ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকায় নিহতের মুরগির খামারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নজির আহমদের ছোট ভাই নুর মোহাম্মদ বলেন, বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে লবণের মাঠের কাজ দেখে বাড়ির পাশে থাকা মুরগির খামারের পাশে দাঁড়ালে হঠাৎ ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে ফেলে। তারা গুলিবর্ষণ করতে থাকে। গুলিবর্ষণের পর তার ভাই নজির আহমদ খামারের পাশে থাকা পুকুরে পড়ে যায়।
তিনি আরও জানান, জমি নিয়ে তাদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এক সপ্তাহ আগেও অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা করেছিল বলে তিনি জানান।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকায় এক ব্যক্তি খুন হয়েছে।
ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে হামলাকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পুকুর থেকে একটি একনলা বন্দুক ও একটি কিরিচ উদ্ধার করেছে।




মন্তব্য করুন