কক্সবাজারের টেকনাফে বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে জব্দকৃত প্রায় ১৮ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড স্টেশন টেকনাফে এসব মাদক আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ১ লাখ ৬১ হাজার পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার এবং ১০ কেজি গাঁজা।
জানা গেছে, গত ১৭ মে ২০২৫ থেকে ১২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত কোস্ট গার্ডের একক এবং র্যাবের সাথে পরিচালিত ৪টি যৌথ অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছিল।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনায় আজ মাদকগুলো ধ্বংস করা হয়।
মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের
মাদক ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কক্সবাজার-১), বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদস্য সচিব), ইনচার্জ মালখানা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধিরা। এছাড়াও অভিযানে অংশগ্রহণকারী র্যাব ও পুলিশের সদস্যরাও এতে অংশ নেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন