আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-০১ ( চকরিয়া–পেকুয়া) আসনের জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ দেখে বিএনপি প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে যাকে-তাকে গ্রেফতার করাচ্ছে।
মামলা ছাড়া চকরিয়া পেকুয়ার কোন মানুষকে আইন বহির্ভূতভাবে গ্রেফতার করা যাবে না। নির্বাচনের দিন সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে বিএনপি কালো টাকা বিতরণ করছে। এসবের তোয়াক্কা না করে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
সভায় আরও উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার আমীর আরিফুল কবির, নায়েবে আমীর ফখরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌরসভা সভাপতি আরিফুল ইসলাম, চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুন্নবী প্রমুখ।
ওয়ার্ড সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।
তাঁর আগে একইদিন বিকালে চকরিয়া পৌরশহর ও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে তিনি কসাইপাড়া ও তরচঘাটায় সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত নিজেদের ভোট পাহারা দিতে হবে এবং ভোটের ফলাফল নিশ্চিত করে বাড়ি ফেরার আহ্বান জানান। তিনি দাবি করেন, কোনো ধরনের হুমকি-ধমকি কিংবা কালো টাকার প্রভাব দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে তৈরি হওয়া গণজোয়ার ঠেকানো সম্ভব হবে না।
গণসংযোগে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পৌর সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
কর্মসূচিতে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী বার্তা তুলে ধরেন প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।




মন্তব্য করুন