কলম্বো, ২৭ সেপ্টেম্বর – বাংলাদেশ ও ভারতের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালটি শেষ হতে পারতো নির্ধারিত সময়েই। কলম্বোর রেসকোর্স স্টেডিয়াম নাটকীয়তা তুলে রেখেছিলে বলেই শেষ বাঁশির ঠিক আগে ম্যাচে সমতা (২-২) এনেছিল বাংলাদেশের কিশোররা। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। আরেকবার ফাইনালে ভারতের কাছে হারতে হলো বাংলাদেশকে।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ভুটানিজ রেফারি ইনজুরি সময় দিয়েছিলেন ৫ মিনিট। তখনো ভারত ২-১ গোলে এগিয়ে। বাড়িয়ে দেওয়া সেই সময় পেড়িয়ে খেলা গড়িয়েছিল ৯৬ মিনিটে। শেষ বাঁশি বাজাতে রেফারি বারবার হাতের ঘড়ি দেখছিলেন। ঠিক তখনই বাংলাদেশ গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচটি নিয়ে যায় টাইব্রেকারে। টাইব্রেকারে গোলাম রব্বানী ছোটনের বাংলাদেশ দল হেরে যায় ৪-১ গোলে।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
টাইব্রেকারে ভারত টানা চার শটেই গোল করে। বাংলাদেশ তিন শট নিয়ে প্রথম দুটিই মিস করেছে। ইকরামুলের শট পোস্টে লেগেছে, আজম খানের শট রুখে দিয়েছেন ভারতের গোলরক্ষক। মানিক তৃতীয় শটে গোল করে কিঞ্চিত আশার আলো জ্বালালেও শেষ রক্ষা হয়নি।ভারতের চতুর্থ শটে শুভম কনিয়া গোল করলে বাংলাদেশকে বাকি দুই শট নিতেই হয়নি।
এ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুইবার ভারতের কাছে হারলো। গত বছর ভুটানে হওয়া ফাইনালে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। এবার হারলো টাইব্রেকারে।
নির্ধারিত সময়ে ভারত এগিয়ে গিয়েছিল চতুর্থ মিনিটেই। ২৫ মিনিটে মো. মানিক গোল করে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে। তবে ভারত আবার এগিয়ে যায় ৩৯ মিনিটে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলনামূলক ভালো খেললেও গোলের দেখা পাচ্ছিল না।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন