কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজার টু সবুজ বাজারের সড়কের দুই পাশ মাটি দিয়ে ভরাট করায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের মাঝে। দীর্ঘদিন ধরে সড়কের পাশের মাটি সরে গিয়ে গভীর খাদ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন এবং হাজারো শিক্ষার্থী স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। কিন্তু রাস্তার পাশের মাটি ধসে পড়ায় চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। এতে টমটম, সিএনজি ও অন্যান্য ভারী যানবাহন চলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল।
অনেক সময় ভারসাম্য হারিয়ে শিক্ষার্থীরা রাস্তা থেকে খাদে পড়ে গিয়ে আহত হয়েছে। আবার সংকীর্ণ সড়কের কারণে ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। ফলে প্রতিদিনই ঝুঁকি ও আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছিল এলাকাবাসীকে।
এমন পরিস্থিতিতে স্থানীয় মানুষের দুর্ভোগ বিবেচনা করে রাজাখালী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য নেজাম উদ্দিন নেজু সড়কের দুই পাশ ভরাট করার উদ্যোগ নেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা বরাদ্দ নিয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি এলাকা থেকে ৬৪/২ বি পোল্ডারের ১২ নম্বর স্লুইসগেট পর্যন্ত প্রায় ২০ সেইন এলাকায় সড়কের ভেতর ও বাইরের অংশে মাটি ফেলে ভরাট কাজ সম্পন্ন করা হয়।
নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮
পরবর্তীতে বরাদ্দকৃত অর্থ শেষ হয়ে গেলে তিনি ব্যক্তিগত অর্থায়নে আরও কয়েক চেইন অংশে কাজ সম্পন্ন করেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়,আরবশাহ বাজার টু সবুজবাজার সড়কের পাশে ফৈয়জুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, ফৈয়জুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিইউআই ফাজিল মাদ্রাসা অবস্থিত। এসব শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে। দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে খাদ তৈরি হওয়ায় তাদের চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল।
ওই সড়কের খাদে পড়ে আহত হওয়া শিক্ষার্থী মিশকাত হাবিব জানায়, সড়কের মাটি সরে যাওয়ায় চলাচলে অনেক কষ্ট হচ্ছিল। একদিন গাড়ির ধাক্কায় সেও খাদে পড়ে আহত হয়েছিল। এখন রাস্তার দুই পাশে মাটি দেওয়ায় শিক্ষার্থীদের অনেক উপকার হয়েছে।
ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু বলেন, সড়কের দুই পাশ ধসে পড়ায় শিক্ষার্থীরা খুব কষ্টে চলাচল করছিল। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিষদের বরাদ্দ এনে প্রথমে ২০ চেইন কাজ সম্পন্ন করি। পরে এলাকার মানুষের সুবিধার কথা বিবেচনা করে নিজের অর্থায়নেও কিছু অংশের কাজ শেষ করেছি।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের দুই পাশ ভরাট হওয়ায় এখন যানবাহন চলাচল সহজ হয়েছে এবং শিক্ষার্থীরাও আগের মতো ভয় নিয়ে চলাচল করতে হচ্ছে না। তারা দ্রুত পুরো সড়কটি টেকসইভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।



মন্তব্য করুন