পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় জুয়া খেলায় তর্কাতর্কির এক পর্যায়ে আবদুল মালেক (৫০) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
এ সময় তার দু’ছেলে পারভেজে (২৫), মোহাম্মদ হোসেন (১৯) ও স্ত্রী বুলবুল আক্তারকে (৪০) ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত নুরুল আমিন ও তার এক মেয়েকে রাজাখালী থেকে আটক করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
নিহত আবদুল মালেক মগনামা বাইন্যাঘোনা চল্লিশ পরিবার এলাকার মৃত.ছৈয়দ আহমদের ছেলে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে হাসপাতালে মারা যান আবদুল মালেক। আটক নুরুল আমিন বাজারপাড়া এলাকার মৃত.আব্দুল জাব্বারের ছেলে। অপর আটক মহিলার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারপাড়া যাত্রী ছাউনিতে আবদুল মালেক, নুরুল আমিন,মাসুম ও আবুহেনা নামের চার ব্যক্তি মোবাইলে লুডুখেলা (জুয়া) খেলছিল। এ সময় আবদুল মালেক ও নুরুল আমিনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নুরুল আমিন আবদুল মালেককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ঘটনাটি আবদুল মালেকের পরিবারের কাছে জানাজানি হলে স্ত্রী ও ছেলেরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসে। এ সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে নুরুল আমিন,তার ছেলে নাঈবুসহ আরো কয়েকজন মিলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
স্থানীয়রা জানায়,মগনামা বাজারপাড়া ষ্টেশনে প্রতিনিয়ত জুয়ার আসর বসে। গভীররাত পর্যন্ত চলে একাধিক দোকানে জুয়ার আসর। মোবাইলে জুয়া খেলায় মেতেছে স্কুল,কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। এ ব্যাপারে তারা প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী বলেন, কেউ বলছে ক্রিকেট খেলা দেখা নিয়ে, কেউ বলছে মোবাইলে লুডুখেলা নিয়ে ঝগড়া হয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে ঘটনায় একজন মারা গেছেন। তবে কেউ আটক হয়নি। পুলিশের অভিযান চলছে।




মন্তব্য করুন