বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বী (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ রাব্বী শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নিলামপট্টি মহল্লার বাসিন্দা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজন ও বন্ধুদের বরাতে জানা যায়, রাব্বীসহ চার বন্ধু মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের দিকে সাতকানিয়া এলাকায় মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে তারা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় রাব্বী পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নালিতাবাড়ীতে শোকের ছায়া নেমে আসে। পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মিয়া বলেন, সে আমাদের খুব কাছের ছোট ভাই ছিল। কিছুদিন আগে তার বিয়ে হয়েছে। আল্লাহ একটি কন্যা সন্তান দান করেছেন। গতকাল রাতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়, আর আজ সকালে তার মৃত্যুর খবর পেলাম। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।
খোরশেদ রাব্বী বিভিন্ন সময় রক্তদানসহ নানা স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
মরদেহ বর্তমানে সাতকানিয়া থানায় রয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেখানকার থানা থেকে এখনো আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। বার্তা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।