ঢাকা, ৪ মার্চ – সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য জনসমক্ষে তুলে ধরেছেন।
সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ তাঁর ব্যাংক হিসাব তলব করার পরিপ্রেক্ষিতে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন।
নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮
বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজের দুটি, বাবার পাঁচটি এবং মা ও স্ত্রীর একটি করে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেন।
তিনি জানান যে বর্তমানে সোনালী ব্যাংকে তাঁর সেভিংস অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা জমা রয়েছে। ১৬ মাস উপদেষ্টা থাকাকালীন বেতন ও ভাতা বাবদ তাঁর সেলারি অ্যাকাউন্টে অর্থ জমা হয়েছে এবং সরকারিভাবে পাঁচটি বিদেশ সফরের টিএ ও ডিএ বিলও সেখানে যুক্ত হয়েছে।
সরকারে যোগদানের আগে তাঁর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল। সব মিলিয়ে তাঁর অ্যাকাউন্টে মোট ৮৫ লাখ ৮২ হাজার টাকা জমা হয় এবং সেখান থেকে ৭৬ লাখ ৩ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে স্থিতি রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।
আসিফ মাহমুদ অভিযোগ করেন যে সিটি করপোরেশন নির্বাচনের গুঞ্জন ওঠার পরেই একটি মহল এবং বিগত সময়ে ক্ষুব্ধ ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তুলছে। ব্যাংক হিসাব তলব করে রহস্য সৃষ্টির অপচেষ্টা রোধ করতেই তিনি নিজ থেকেই সব তথ্য পরিষ্কার করলেন বলে মন্তব্য করেন।
উল্লেখ্য গত সোমবার বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তাঁর হিসাবের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছিল।
এনএন/ ৪ মার্চ ২০২৬



মন্তব্য করুন