ঢাকা, ০৫ জানুয়ারি – শতাধিক গুম-খুনের দায়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।
রোববার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
প্যানেলের অন্যান্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। এসব অভিযোগে ১০৩ জনকে গুম-খুনের বীভৎস বর্ণনা তুলে ধরেন তিনি এবং এ সংক্রান্ত ভিডিওর কথা জানান। একপর্যায়ে মামলার একমাত্র আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আবেদন করেন তাজুল ইসলাম। তার সঙ্গে প্রসিকিউটর শাইখ মাহদী ও সহিদুল ইসলাম সরদার শুনানিতে অংশ নেন।
আসামিপক্ষে আইনি লড়াই করেন জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। তিনি প্রসিকিউশনের কাছে ভিডিও চাইলে, ট্রাইব্যুনালে দাখিলের পর তাকে ভিডিও দেওয়া হবে বলে জানান প্রসিকিউশন। এরপর তিনি সবকিছু পর্যালোচনা করে নিজের মক্কেলের অব্যাহতি চেয়ে আবেদন করবেন বলে জানান নাজনীন নাহার। একইসঙ্গে আগামী ৮ জানুয়ারি এ বিষয়ে তার শুনানি করার কথা রয়েছে।
জিয়াউল আহসান সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬




মন্তব্য করুন