মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীরদ্বীপ কর্তৃক মায়ানমারের নাইক্ষ্যনদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেল এবং পাচার কাজে ব্যবহৃত কাঠের বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়




মন্তব্য করুন