রাখাইন, ২৫ ফেব্রুয়ারি – মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। রাখাইনের পোননগিউন টাউনশিপের ইয়োয়েনগু গ্রামে চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন। নিহতদের মধ্যে তিনজন শিশু ও বেশ কয়েকজন নারী রয়েছেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিমান হামলার প্রভাবে গ্রামের একাধিক বসতবাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। আকস্মিক এই হামলার পর ধ্বংসযজ্ঞ ও আগুনের হাত থেকে বাঁচতে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আক্রান্ত গ্রামটি রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ে থেকে আনুমানিক ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ২০২৪ সালের মার্চ মাস থেকে এই অঞ্চলটি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে রয়েছে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমার চরম রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। ওই অভ্যুত্থানের পরপরই দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ এবং তা দমনে জান্তা সরকারের অভিযান শুরু হয়।
বর্তমানে চলমান সংঘাতে সামরিক বিধিনিষেধ ও নিয়মিত বিমান হামলায় সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে রাখাইন রাজ্য।







