ওয়াশংটন, ২৭ আগস্ট – যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও গুলিতে নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
রয়টার্স জানিয়েছে, গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার দুইদিন পর এই হামলার ঘটনা ঘটলো। প্রাথমিক পর্যায়ের বেসরকারি স্কুলটিতে প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি আনানসিয়েশন ক্যাথলিক চার্চের সঙ্গে সংযুক্ত এবং উভয়ই মিনেসোটার সবচেয়ে বড় শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় অবস্থিত।
পুলিশ জানিয়েছে, হামলাকারী কালো পোশাক পরে ছিলেন এবং তার হাতে ছিল একটি রাইফেল। এ ঘটনার বিস্তারিত নিয়ে বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা যখন সকালবেলার প্রার্থনাসভায় অংশ নিচ্ছিল ঠিক তখনই হামলাকারী গুলি চালাতে শুরু করে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ আগস্ট ২০২৫




মন্তব্য করুন