তেহরান, ০৩ নভেম্বর – নিজেদের পরমাণু শক্তিনির্ভর জ্বালানি উৎপাদন সম্প্রসারণের জন্য এবার নতুন ৮টি পারমাণবিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে ইরান। আর এ নির্মাণযজ্ঞে তাদেরকে সহায়তা করছে আরেক পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া।
সোমবার (৩ নভেম্বর) ইরানি সংবাদসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
প্রতিবেদন অনুযায়ী, ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি রোববার (২ নভেম্বর) ঘোষণা করেছেন, পরিষ্কার ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় ইরান আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে।
স্থাপনাগুলো নির্মাণের স্থান সম্পর্কেও মন্তব্য করেন তিনি। এইওআই প্রধান বলেন, এই সহযোগিতার আওতায় বুশেহরে চারটি এবং ইরানের বিভিন্ন অংশে আরও চারটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এর সঠিক স্থান পরে ঘোষণা করবে সরকার।
মোহাম্মদ ইসলামি উল্লেখ করেন, এই পরিকল্পনায় ইরানের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম, স্থিতিশীল এবং পরিষ্কার পারমাণবিক শক্তির সরবরাহ নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে।
এদিকে চলতি বছরে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোকে আরও শক্তিশালীভাবে নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। রোববার (২ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে ইরানের প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে আমাদের দমিয়ে রাখা যাবে না। কারণ, আমরা সেগুলো আবার নতুন করে, আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারব।
গত জুন মাসে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির একটি কর্মসূচির অংশ ছিলো। তবে, তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন