কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার ২৫০ পিস বার্মিজ ইয়াবাসহ নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে চেকপোস্টে যাত্রীবাহী প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার রেজুখাল চেকপোস্টে পৌঁছালে তা থামিয়ে তল্লাশি করা হয়।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
এ সময় গাড়ির যাত্রী মো. লিটন হাওলাদারকে (৪০) সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
পরে তার পেটের ভেতর থেকে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথের মাধ্যমে ৪ হাজার ২৫০ পিস বার্মিজ ইয়াবা বের করা হয়। আটক লিটন পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মো. নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তার কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত ১টি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
এই অভিযানের ঠিক আধা ঘণ্টা পর, সকাল সাড়ে ১১টার দিকে একই চেকপোস্টে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় বিজিবি।
এ সময় অটোরিকশার দুই নারী যাত্রীর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
একই সাথে তাদের কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। আটক নারীরা হলেন—টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ডাংগারপাড়া গ্রামের মো. নুরুল আমিনের স্ত্রী নাছিমা (২৮) এবং একই গ্রামের মৃত আয়ানের স্ত্রী নূর কালিমা কালি (২০)।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
মাদক চোরাকারবারীদের যেকোনো ধরনের অভিনব কৌশল নস্যাৎ করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামিদের জব্দকৃত বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।




মন্তব্য করুন