ঢাকা, ০৪ সেপ্টেম্বর – পর্যবেক্ষক সংস্থার আবেদন যাচাই-বাছাই করতে নির্বাচন কমিশনের গঠিত ১০ সদস্যের কমিটি প্রাথমিকভাবে ১২২টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত করেছে। প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া এই ১২২টি পর্যবেক্ষক সংস্থাকে অনুমোদন দিতে পরবর্তী কমিশন সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছে কমিটির এক সদস্য। কমিশন সভায় অনুমোদনের পর পাঁচ বছরের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে সংস্থাগুলো।
এর আগে, ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী গত ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ৩১৮টি এবং বিকেল ৫টার পর ১৩টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে। মোট ৩৩১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য আবেদন করেছে। এই ৩৩১টি সংস্থার আবেদন যাচাই-বাছাই করে ইসির গঠিত কমিটি কমিশন সভায় উপস্থাপনের জন্য ১২২টি পর্যবেক্ষণ সংস্থা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে।
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান
ইসি জানিয়েছে, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ধারা ১৬ মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থাসমূহের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে।
নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম (EO-1) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় (কক্ষ নং-১০৫) এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd -তে পাওয়া যাবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করে নাসির উদ্দিন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়া হয়। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালা চূড়ান্ত করা হয়। এই নতুন নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধিত করা হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৪ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন