মহেশখালীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
এরই অংশ হিসেবে সোমবার, ১৫ সেপ্টেম্বর বিকালে গোরকঘাটা পুরাতন আদালত ভবন এলাকায় (গোরকঘাটা-জনতা বাজার সড়ক) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৬টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
অভিযানে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা এবং ট্রাকসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালক এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার জানান, ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারণে মালিক ও চালকদের জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি সব চালককে হেলমেট ব্যবহার এবং অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।
এই অভিযানটি মহেশখালীর সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




মন্তব্য করুন