পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে নগদ দুই লাখ টাকা গ্রহণ করেছেন বিএনপি নেতা নুর উদ্দিন। কক্সবাজার শহরে সংঘটিত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে নিন্দার ঝড় বইছে। ধর্মীয় পবিত্রতাকে হাতিয়ার বানিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন সর্বস্তরের মানুষ।
অভিযুক্ত নুর উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক। গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, শহরের সমিতি পাড়ার নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারের ঘরে বসে কোরআন মাথায় তুলে শপথ বাক্য পড়ছেন তিনি। এরপর রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে রোজিনার হাত থেকে নগদ দুই লাখ টাকা গ্রহণ করেন।
রোজিনা আক্তার বলেন, “প্রথমে ভেবেছিলাম তিনি আমাকে বাঁচাবেন। কিন্তু টাকা নেওয়ার পরও আরও অর্থ এবং চাঁদা দাবি করেন। আমি অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেন এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখান। এখন আমি জীবন নিয়ে শঙ্কায় আছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নুর উদ্দিনের বিরুদ্ধে মানবপাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, চাঁদাবাজিসহ অসংখ্য অপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বারবার আইনের ফাঁক গলে রেহাই পেয়েছেন।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে মন্তব্য করেছেন, “পবিত্র কোরআনকে ব্যবহার করে প্রতারণা সরাসরি ধর্মীয় অবমাননা।” কেউ কটাক্ষ করে লিখেছেন, “এবার বুঝি কোরআন দিয়েই টাকা তোলার নতুন ব্যবসা শুরু হলো।”
অভিযুক্ত নুর উদ্দিন অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এলাকার সমাজপতি, বিচার-শালিশ সব আমি করি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।” তবে কোরআন মাথায় রেখে টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। যদিও এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি, তবুও আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, “বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুতর। নুর উদ্দিনকে শোকজ করা হবে। যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
কোরআন ছুঁয়ে টাকা গ্রহণের ঘটনা কেবল ধর্মীয় অবমাননা নয়, রাজনৈতিক অঙ্গনেও গভীর আলোড়ন তুলেছে। কক্সবাজারে এখন এই ভিডিও নিয়েই সরগরম সব আলোচনার কেন্দ্রবিন্দু।




মন্তব্য করুন