ঢাকা, ২০ অক্টোবর – বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা (টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট–টিএলআর) টানা তিন মাস বেতন পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে আগামীকাল (২১ অক্টোবর) সকালে রেলভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. শাওন।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
তিনি বলেন, রেলওয়ের ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগের শত শত টিএলআর শ্রমিক বর্তমানে গেটকিপার, সোর্টার, খালাসি, ওয়েম্যান, রেস্টহাউস বেয়ারা, পয়েন্টসম্যান ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তিন মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমিক। বেতন না পাওয়ায় অনেকে একবেলা খেয়ে দুইবেলা উপোস থাকছেন। পরিবারের সদস্যদের নিয়ে দুঃসহ দিন কাটছে তাদের।
এর আগে, গত ১ আগস্ট ও ৫ অক্টোবর দুই দফায় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিকরা। তবে আশ্বাস সত্ত্বেও এখনো বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকদের দাবি, বিভাগীয় কর্মকর্তারা ‘বাজেট অনুমোদন হয়নি’ এমন অজুহাত দেখিয়ে বেতন প্রদানে বিলম্ব করছেন, যা তাদের জন্য অত্যন্ত হতাশাজনক।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন