নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর – ২৭ ঘণ্টার এক সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছেছেন তিনি।
দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় দিল্লির পালামে ইন্দ্রিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন।
সংবাদমাধ্যমটি বলেছে, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি।
ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের এই সফরে এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন