কক্সবাজারের সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত পিলার-৩১ এর নিকটবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকা দিয়ে পাচারের সময় ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। আটক বছির উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মৃত আবু সিদ্দিক।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিটের দিকে বাইশফাঁড়ী বিওপির অপর একটি দল সীমান্ত পিলার-৩৬ এর নিকটবর্তী বাঁশঝাড় নামক স্থানে বিশেষ অভিযান চালায়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে আমাদের এই আপসহীন অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে, যা স্থানীয় জনমনে আস্থা ও স্বস্তি ফিরিয়ে এনেছে।




মন্তব্য করুন