
সিলেট, ১৫ এপ্রিল – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুততম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
বুধবার সিলেটের জালালাবাদ গ্যাস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য প্রদান করেন।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
মন্ত্রী উল্লেখ করেন যে প্রাথমিকে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক পদের নিয়োগ নিয়ে চলমান আইনি জটিলতা নিরসনের জোর প্রচেষ্টা চলছে। শিক্ষক সংকট দূর করতে সরকার একটি বিশেষ পুল গঠনের পরিকল্পনা করছে যেখানে অবসরপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হবে। এই পুলের শিক্ষকদের সংকটপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।
সিলেট ঢাকা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ১৮টি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণ প্রকল্পের অধীনে আনা হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া কারিগরি ও নৈতিক শিক্ষার প্রসারে সরকার নিরলস কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। সাধারণ পাঠদান যেন পাবলিক পরীক্ষার কারণে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
একই সঙ্গে তিনি শিক্ষকদের পরীক্ষার খাতা মূল্যায়নে আরও বেশি আন্তরিক হওয়ার অনুরোধ জানান।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬




মন্তব্য করুন