কক্সবাজার সদর থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে কক্সবাজার সদরের ঝিলংঝা বিসিক উঠনী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোরশেদ আলম (৫২)। সে কক্সবাজার পৌরসভার তারাবনিয়ার ছড়া এলাকার (আশরাফ ভিলা) মৃত সাইদুর রহমানের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত মোরশেদ আলমের বিরুদ্ধে ২০০০ সালে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। কিন্তু সাজা ঘোষণার পর থেকেই আইনি চোখ ফাঁকি দিতে সে দীর্ঘ ২৬ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।
র্যাব জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে সাজাপ্রাপ্ত ওই আসামি ঝিলংঝা বিসিক উঠনী এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ওই এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি নিজের অপরাধ ও সাজা এড়াতে দীর্ঘদিন পলাতক থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সাজাপ্রাপ্ত এই আসামিকে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।




মন্তব্য করুন