কক্সবাজারের টেকনাফের উপকূলীয় জলসীমা থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সদস্যরা।
বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে করে নাফ নদীসহ সাগরে মাছ শিকার নিয়ে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, “ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।”
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “পাঁচটি ট্রলারসহ ১১ জন জেলেকে সাগর থেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খবর পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।”
তিনি আরও জানান, ধৃত ট্রলারের মধ্যে দুটি ট্রলারের মালিক টেকনাফের মো. কালাম ও মো. শাওন। এই দুটি ট্রলারে ১১ জন জেলে ছিলেন। বাকি তিনটি ট্রলার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




মন্তব্য করুন