ঢাকা, ২৭ অক্টোবর – ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে দীর্ঘ ১৪ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষকরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার) জাতীয় প্রেস ক্লাব থেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তর অভিমুখে লং মার্চ করেন আন্দোলনরত শিক্ষকরা।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই লং মার্চের আয়োজন করা হয়। লং মার্চে অংশ নেন শতশত শিক্ষক। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন— ‘ইবতেদায়ী শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?’, ‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’, ‘চাকরি আছে বেতন নাই, এমন কোনো দেশ নাই’, ‘বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক’, ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’ ইত্যাদি।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
লং মার্চের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।
লং মার্চের আগে শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।
এনসিপির যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ বলেন, আপনাদের সন্তান হিসেবে আমরা এখানে এসেছি। অনেকে বলে আমরা নাকি রাজনীতি বুঝি না। আমরা রাজনীতি আসলেই বুঝি না। কারণ, শিক্ষকদের দিয়ে আমরা রাজনীতি করি না। মিথ্যা আশ্বাস দেই না। পাঁচ তারিখের পরে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসলে রাজনীতিতে এসেছি এবং আমরা যে চিন্তা করছিলাম, যে আসলে রাজনীতির যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটা আসলে হয়নি। ১৭-২০ বছর ধরে যেই রাজনীতি আওয়ামী লীগ করে আসছে, আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন রাজনৈতিক দলগুলো সেইভাবেই সেই কাজ করে আসছে। এমপিওভুক্ত শিক্ষকরা প্রায় ১০ দিনের বেশি সময় আন্দোলন করছে। কিন্তু, তারপরও সরকারের কোনো টনক নড়েনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন তাদের দাবিটা আদায় করা হয়। আওয়ামী লীগ আমলে ৩৬ হাজার প্রাইমারি স্কুলকে কিভাবে সরকারি করা হয়েছে। কিন্তু এই শিক্ষকদের ক্ষেত্রে কেন এই আলাদা চিন্তা? দাড়ি টুপি আছে এই জন্য?
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন, সরকার দ্রুত প্রজ্ঞাপন না দিলে আমরা সারাদেশে ক্লাস-পরীক্ষা বর্জন করবো। দেশব্যাপী সব ইবতেদায়ী মাদ্রাসায় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
শিক্ষকদের দাবিগুলো হলো-
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন।
২. ১,০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ।
৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন