কক্সবাচারের উখিয়ায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১২১টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে স্থানীয় শিশুদের পাশাপাশি রোহিঙ্গা আশ্রয়শিবিরের শিশুদেরও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৪৩ হাজার ৩৮৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিকদার, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হয়। বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যকর্মীরা শিশুদের ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন।
জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান!
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিকদার জানান, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকলের সহযোগিতায় উখিয়ায় নির্ধারিত লক্ষ্যমাত্রা প্রায় পুরোপুরি অর্জনের মাধ্যমে ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানায়, ক্যাম্পেইন চলাকালে কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে এবারের কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে।




মন্তব্য করুন