কক্সবাজারের সমিতিপাড়ার আলোচিত কিশোর ও সেলুন কর্মী সুকান্ত (১৫) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম পলাতক আসামি হাসেম প্রকাশ মইগ্যা হাসেমকে (৪৭) গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (০৩ জুলাই) বিকেলে কক্সবাজার সদর থানাধীন লাবনী বীচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসেম কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার (বাগান পাড়া) মৃত নুর আহমদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ২০২৪ সালের ০২ সেপ্টেম্বর কক্সবাজারের সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম হয় কিশোর সুকান্ত।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
পরে চিকিৎসাধীন অবস্থায় ০৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে সুকান্ত মৃত্যুবরণ করে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির মূলে হাসেম আত্মগোপনে ছিল।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল লাবনী বীচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত হাসেমের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক চোরাচালানের গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা ও একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতার পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।




মন্তব্য করুন