কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার পাঁচ লাখ জনগণের কাছে খোলা চিঠি লিখেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ জায়নুল আবেদিন। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী লাগামহীন ভাবে বেড়ে যাওয়া মহামারি রোগ ডেঙ্গুর অনাকাঙ্ক্ষিত প্রকোপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভার সর্বস্থরের নাগরিকদের উদ্দেশ্যে আহবান জানিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন নিজের ফেসবুকে একটি জনসচেতনতা মূলক পোস্ট দিয়ে লিখেছেন, সম্মানিত উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসকবৃন্দ, সাংবাদিক সমাজ, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পরিচালকবৃন্দ, তরুন ছাত্র সমাজ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ সালাম ও শুভেচ্ছা নেবেন।
বর্তমানে দেশব্যাপী মহামারি রোগ ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এবং জনস্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সবাইকে নিজের অবস্থান থেকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু শুধু একটি পরিবারের সমস্যা নয়; এটি সমগ্র সমাজের জনস্বাস্থ্যসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সময়মতো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি জনগণের প্রতি অনুরোধ জানিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে বেশকিছু ইতিবাচক বার্তা তুলে ধরে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সংকট আর শূন্যতায় ভুগছে কক্সবাজারের পর্যটন খাত, ভরসা প্রকৃতি
তিনি আহবান জানিয়ে লিখেছেন,
🔹 নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যান।
🔹 ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, পাড়া-মহল্লা ও বাজার পর্যায়ে মাইকিং, সভা-সমাবেশ এবং বিভিন্ন প্রচারমাধ্যমের সাহায্যে জনগণকে সচেতন করুন।
🔹 বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখুন এবং কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজনন না হয়, তা নিশ্চিত করুন।
🔹 জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, এনজিও, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান এবং মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম জোরদার করুন।
🔹 সম্মানিত এনজিও প্রতিনিধিবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতা বৃদ্ধি, উঠান বৈঠক, প্রচার-প্রচারণা এবং জনসম্পৃক্ততামূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করুন।
🔹 বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সম্মানিত পরিচালকবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচার করুন এবং রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহিত করুন।
🔹 জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং ডেঙ্গুর বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার বিষয়ে জনগণকে সচেতন করুন।
টিএইচও ডাঃ জায়নুল আবেদিন চকরিয়া ও মাতামুহুরী উপজেলার জনগণের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রত্যেকের রয়েছে নিজ নিজ অবস্থান থেকে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার অনন্য সুযোগ ও সক্ষমতা। আপনাদের একটি উদ্যোগ, একটি সচেতনতামূলক বার্তা কিংবা একটি পরিচ্ছন্নতা অভিযান এলাকার অনেক মানুষকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পারে।
মনে রাখতে হবে, ডেঙ্গু প্রতিরোধ ও এবিষয়ে জনসচেতনতা তৈরি করা, শুধু স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয়; এটি আমাদের, আপনাদের সবার সম্মিলিত দায়িত্ব। স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ বেসরকারি হাসপাতাল-ক্লিনিক, এনজিও সংস্থা এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টাই সম্ভব হবে মহামারি রোগ ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে। তাতে সুরক্ষিত হবে নিজের এলাকা, পরিবার, প্রতিবেশির স্বাস্থ্য সুরক্ষা।
মানবিক দৃষ্টিকোণ থেকে আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সচেতনতা সৃষ্টির জন্য কাজ করি। ব্যক্তিগত সচেতনতা থেকে পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতার মাধ্যমে গড়ে তুলি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গুর ঝুঁকিমুক্ত জনপদ।
চকরিয়ার সন্তান ডাঃ জায়নুল আবেদিন বলেন, জনগণের মাঝে আহবান জানানোর পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা তৈরি করতে গেল কয়েকদিন ধরে উপজেলার আনাচকানাচে স্বাস্থ্য বিভাগের উদোগে মাইকিং করা হচ্ছে। এ কার্যক্রম নিয়মিত তদারকি করছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের এবং স্বাস্থ্য অধিদপ্তরের হেডকোয়ার্টারের একটি পর্যবেক্ষন টিম।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়া-মাতামুহুরীতে ডেঙ্গু রোগের প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে আহবান সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার পাঁচ লাখ জনগণের কাছে খোলা চিঠি লিখেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ জায়নুল আবেদিন। সাম্প। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন