কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ পাচারের অভিযোগে দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের কাছ থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
আটক দুজন হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ বেলালের ছেলে মো. আজিম (৩৩) এবং একই এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে মো. ফারুক (২৮)।
গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
রোববার দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
কোস্ট গার্ড জানায়, কক্সবাজার বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়।
পরে নতুন ফিশারি ঘাট এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় মোটরসাইকেলের আরোহীরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং দুজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের ভাষ্য, আটকদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি মুঠোফোন, ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড পাওয়া যায়।
লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। তাঁরা এর আগে একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলেও স্বীকার করেছেন।
তবে আটক আজিম ও ফারুকের দাবি, তাঁরা স্বর্ণগুলো সৌদি আরব থেকে এনেছেন এবং এ-সংক্রান্ত কাগজপত্র তাঁদের কাছে রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুজন আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ পাচারের অভিযোগে দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের কাছ থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন