সরকার অবশেষে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ১২ অক্টোবর (রবিবার) সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সি১-শাখার যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জারি হয়। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের পরই সরকারি প্রজ্ঞাপনটি কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “দি সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪-এর রুল ১৬ এর সাবরুল (১) অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করিল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে।”
আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি সম্পন্ন : বেবিচক ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, আন্তর্জাতিক ফ্লাইট শীঘ্রই চালু হতে যাচ্ছে এবং এ লক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা হোসেন জানান, “আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। কিছু কাজ বাকি থাকলেও অনুমোদন পাওয়ায় এ মাসেই আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে।”
পর্যটন খাতে নতুন সম্ভাবনা : কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার পর পর্যটন সংশ্লিষ্টরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “নিঃসন্দেহে এটি দেশের পর্যটন শিল্পের জন্য একটি বড় মাইলফলক। বিমানবন্দর আন্তর্জাতিক হওয়ায় কক্সবাজার বিদেশীদের কাছে দ্রুত জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে।”
হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, “আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটন ব্যবসায় নতুন গতি আসবে। আন্তর্জাতিক সম্মেলন, করপোরেট ইভেন্ট ও সাংস্কৃতিক আয়োজনও সহজ হবে, যা স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতিকে আরও গতিশীল করবে।”
উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার
বিমানবন্দর সম্প্রসারণ ও আধুনিকীকরণ : কক্সবাজার জেলার সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারিত হয়েছে ৬,৭৯০ ফুট থেকে ৯,০০০ ফুট পর্যন্ত এবং প্রস্থ ১৫০ ফুট থেকে ২০০ ফুট করা হবে। রানওয়ের লোড ক্ষমতা শক্তিশালী করা হচ্ছে, যাতে ওয়াইড-বডি বিমান চলাচল করতে পারে। এছাড়া রানওয়ে লাইটিংও আধুনিকীকরণ করা হবে।
নতুন আন্তর্জাতিক পর্যায়ের জন্য ১০,৯১২.৪৯ বর্গফুটের নতুন টার্মিনাল ভবন এবং ৪৯,৭৫৩ বর্গফুট সংযোগ ট্যাক্সিওয়ে নির্মাণ করা হবে। এর ফলে কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্য ক্ষেত্রে আরও আকর্ষণীয় ও আধুনিক গন্তব্যে পরিণত হবে।




মন্তব্য করুন