মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি – মারণরোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে।
মঙ্গলবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার মুম্বাইয়েই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ২০১৯ সালে প্রবীণার শরীরে মাইলোমা বা এক ধরনের রক্ত ক্যানসার ধরা পড়ে। তবে অসুস্থতাকে সঙ্গী করেই তিনি নিয়মিত কাজ করে গেছেন।
বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলতেন যে শুটিং ফ্লোরই তার সবচেয়ে প্রিয় জায়গা। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের প্রতি সেই টান বজায় রেখেছিলেন এই গুণী শিল্পী।
হিন্দি ও মারাঠি ভাষার চলচ্চিত্র এবং টেলিভিশনে তার সাবলীল পদচারণা ছিল। ছোট পর্দার ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। সালমান খানের সুপারহিট ছবি ‘রেডি’ এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘গব্বর’ সিনেমায় তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া ‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে এবং ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’ এ তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। তাকে শেষবার দেখা গিয়েছিল ইমরান হাশমির সঙ্গে ‘তস্করি’ সিরিজে।







