ঢাকা, ১২ নভেম্বর – ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে, তা ঠিক করার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের দিন ঠিক করবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ
মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনো পলাতক। কারাগারে আটক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়েছেন। এ মামলায় পাঁচদিন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন পক্ষে ও তিনদিন আসামিপক্ষে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হয়েছে গত ২৩ অক্টোবর।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ঠিক করে আদেশ দেন।
আলোচিত এ মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউশন পক্ষ। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনেরও খালাস চাওয়া হয়েছে।
ট্রাইব্যুনালে ওইদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিপক্ষে উপস্থাপিত কিছু বিষয়ের জবাব দেন। এছাড়া রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আসামিদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে ন্যায়বিচারের আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্যের জন্য ১৩ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। ওইদিন রায় ঘোষণার তারিখ ঠিক করা হবে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন