জেরুজালেম, ২৯ অক্টোবর – গাজায় রাতভর হামলা চালিয়ে প্রায় ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল, যাদের মধ্যে শিশুই রয়েছে ৪৬ জন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে বুধবার (২৯ অক্টোবর) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাতভর হামলার পর গাজায় যুদ্ধবিরতি ‘পুনরায় কার্যকর’ হয়েছে।
গাজায় গত ১০ অক্টোবর থেকে কথিত যুদ্ধবিরতি শুরুর পর থেকে এটিই ছিল ইসরায়েলের সবচেয়ে প্রাণঘাতী হামলা। এতে এই নাজুক যুদ্ধবিরতির স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তিনি ‘শক্তিশালী পাল্টা আঘাত’ চালানোর নির্দেশ দেন।
ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধে নিহত এক বন্দির আংশিক দেহাবশেষ ফিরিয়ে দিয়ে চুক্তি ভঙ্গ করেছে। ইসরায়েলি কর্মকর্তারা হামাসের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে ‘অভিনয়’ করার অভিযোগ তুলেছেন এবং এ নিয়ে ১৪ মিনিটের একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছেন।
হামলার প্রতিশোধ হিসেবে হামাস জানিয়েছে, তারা আরেক বন্দির দেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত করবে।
হামাস দাবি করেছে, রাফাহ শহরের ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা ইসরায়েলের বিমান হামলাকে ‘যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার আগে ইসরায়েল ওয়াশিংটনকে অবহিত করেছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় হামাসের ৩০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তবে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছে।
বাড়ছে প্রাণহানি, বিপর্যস্ত হাসপাতালগুলো
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ১০৪ জনের মধ্যে ৪৬ জন শিশু ও বহু নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ২৫৩ জন। গাজার শিফা হাসপাতাল জানিয়েছে, রাতভর তারা ২১টি মরদেহ গ্রহণ করেছে এবং ২০ শিশুসহ ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভোরে স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেন। শিশুটিকে আলতোভাবে কাপড়ে জড়িয়ে নেওয়া হয়। আমনা কিরিনাউই নামে এক বেঁচে যাওয়া নারী কাঁদতে কাঁদতে বলেন, ‘এ কেমন যুদ্ধবিরতি?’
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন