কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে গাছ পাচার সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, ইউনিয়নের অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট ব্যবহার করে প্রতিদিন পিকআপ ও ট্রলি গাড়িতে করে পাচার করা হচ্ছে সামাজিক বনায়নের গাছ, পাহাড়ি বৃক্ষ এমনকি বনবিভাগের জায়গায় থাকা মূল্যবান মাদার ট্রি। দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেনকে ম্যানেজ করেই একটি প্রভাবশালী চক্র নির্বিঘ্নে গাছ পাচার করে যাচ্ছে। বনবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশের অভিযোগও উঠেছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন টইটং বনবিট এলাকায় দীর্ঘদিন ধরে গাছ পাচারের তৎপরতা চলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। ধনিয়াকাটা বাজার সড়ক, আব্দুল্লাহ পাড়া সড়ক, মৌলভী পাড়া সড়ক, হাজি বাজার ঢালারমুখ সড়ক, বনকানন বাজার সড়ক, টইটং বাজার স্কুল সড়ক ও বটতলী বাজার সড়কসহ বিভিন্ন পথ ব্যবহার করে এসব গাছ সরিয়ে নেওয়া হচ্ছে।
অভিযোগ রয়েছে, শুধু পাহাড়ি গাছ কিংবা সামাজিক বনায়নের গাছ নয়, গভীর রাতে বনবিভাগের জায়গা থেকে মূল্যবান মাদার ট্রিও কেটে পাচার করা হচ্ছে। অথচ বনবিট কার্যালয়ের সামনে দিয়েও গাছবাহী যানবাহন চলাচলের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে বনবিট কর্মকর্তার দায়িত্ব পালন নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে।
পেকুয়ায় ১৪০ কোটি টাকার খাসজমি উদ্ধারে তৎপর প্রশাসন, লাল পতাকায় চিহ্নিত
স্থানীয়দের আরও অভিযোগ, বনবিভাগ মাঝেমধ্যে লোকদেখানো অভিযান পরিচালনা করলেও তা পাচার বন্ধে কার্যকর ভূমিকা রাখছে না। যেসব গাছ ব্যবসায়ীর সঙ্গে বনবিভাগের কথিত লেনদেনের সমঝোতা হয় না, কেবল তাদের গাছ জব্দ করে অভিযান সফল দেখানো হয়। অন্যদিকে প্রভাবশালী পাচারকারীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
এদিকে গাছ পাচারের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয়দের হুমকি-ধমকির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কেউ প্রতিবাদ করলে বনবিট কর্মকর্তার পক্ষ থেকে মামলার ভয় দেখানো হয় বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, বনবিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাকের ডগায় দিনের পর দিন সরকারি বনায়ন ও পাহাড়ি গাছ উজাড় হলেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কার আশ্রয়-প্রশ্রয়ে চলছে এই গাছ পাচারের মহোৎসব?
পরিবেশ ও বনসম্পদ রক্ষায় অবিলম্বে টইটং বনবিট এলাকায় নিরপেক্ষ তদন্ত, রাতের বেলায় বিশেষ নজরদারি এবং গাছ পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেন বলেন, গতরাত সারারাত রাস্তায় ছিলাম। একটি গাড়িও বের হতে দেখিনি। তবে ঢালারমুখ দিয়ে হয়তো আমাদের অজান্তে কিছু গাছ বের হতে পারে। সরকারি সম্পদ রক্ষায় আমরা সর্বদা সোচ্চার থাকি। তবে অভিযোগগুলো তিনি সরাসরি অস্বীকার করেছেন।
- পেকুয়ায় চুরি হওয়া ৮০টি গ্যাসের সিলিন্ডার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার, আটক ২
- পেকুয়ায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের হাতে খুন হন জসিম উদ্দিন, প্রেমিক গ্রেপ্তার, স্ত্রী পলাতক
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: পেকুয়ার টইটংয়ে ছয় পয়েন্ট দিয়ে অবাধে গাছ পাচার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে গাছ পাচার সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, ইউনিয়নের অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন